মধ্যপ্রাচ্য

মার্কিন হুমকিকে কোনো গুরুত্বই দেয় না ইরান: ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

তেহরান,১৪ সেপ্টেম্বর- ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো শত্রুদের হুমকিকে কোনো গুরুত্বই দেয় না। এসব হুমকির কোনো মূল্য নেই।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা শত্রুদের হুমকি এবং কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্য প্রসঙ্গে বলেন, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, বারবার হুমকি দিলে তারা ইরানের সিদ্ধান্ত ও মনোভাব পরিবর্তন করতে পারবেন কিংবা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভয় দেখাতে পারবেন। কিন্তু তারা মারাত্মক ভুল করছেন।

তিনি বলেন, হুমকির পুনরাবৃত্তি থেকে স্পষ্ট যে শত্রুরা তথ্য ও বিশ্লেষণের ক্ষেত্রে অচলাবস্থায় পড়েছে এবং এটি তাদের যুক্তিবোধের দুর্বলতার প্রমাণ। কারণ কোনো দেশের গোয়েন্দা ও বিশ্লেষণ ব্যবস্থা মাঠের বাস্তবতা সঠিকভাবে দেখতে ও বিশ্লেষণ করতে না পারলেই কেবল এমন হুমকি দেওয়া সম্ভব।

ইবনুর রেজা বলেন, শত্রুকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে—ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা যাবে না। ইরান এসব হুমকিকে কোনো গুরুত্ব দেয় না। তাদের হুমকি ইরানের দৃষ্টিতে মূলত একটি রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক বিবৃতি; এর পেছনে বাস্তব সামরিক সক্ষমতার প্রমাণ নেই।

তিনি আরও বলেন, আজ মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি ও বাস্তবতা দেখা যাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভুল নীতি ও ভুল হিসাবের ফল। ইরান কখনোই প্রতিবেশী দেশ ও এ অঞ্চলের জনগণের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language