জাতীয়

দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার ৪২৮ গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংক

ঢাকা, ৯ সেপ্টেম্বর- পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে ব্যাংকটি থেকে ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক মোট ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেন। এর আগে প্রথম দিনে ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা তুলে নিয়েছিলেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ সেপ্টেম্বর সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ফেরত নিতে আগ্রহী আমানতকারীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। ওই সময়ে ৭৪ হাজার আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেন।

আমানত ফেরতের পাশাপাশি অনলাইনে অর্থ স্থানান্তরের কার্যক্রমও চালু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর ফলে পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির কার্যক্রমে দীর্ঘদিন পর আবারও গতি আসতে শুরু করেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নেয়।

নতুন ব্যাংক গঠন করা হলেও এখনো একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শাখাগুলো আলাদাভাবে পরিচালিত হচ্ছে। সারা দেশে এই পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

এদিকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো আমানতকারী যেন টাকা না পেয়ে ফিরে না যান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে ব্যাংকগুলোর মালিকানা সরকার নিয়ে নিয়েছে।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button