দেশে ডেঙ্গুতে রেকর্ড ৮৩৯ জন হাসপাতালে ভর্তি, আরও ৫ মৃত্যু

ঢাকা, ২৩ আগস্ট – দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক ৮৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৬ আগস্ট সর্বোচ্চ ৮০৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৮২ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, শুধু আগস্ট মাসেই ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই জন করে মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন সর্বোচ্চ ২৮৭ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রাজশাহীতে ৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৬ জন।
এনএন/ ২৩ আগস্ট ২০২৬









