জাতীয়

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ দিতে হবে বাংলাদেশকে

ঢাকা, ২৩ আগস্ট – ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এখন থেকে অতিরিক্ত হিসেবে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ প্রদান করতে হবে বাংলাদেশকে। গ্রিড পরিচালনা এবং বিদ্যুৎ লেনদেনের হিসাব নিকাশ নিষ্পত্তির জন্য এই নতুন চার্জ কার্যকর হতে যাচ্ছে। এর ফলে আমদানিকৃত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে অতিরিক্ত ০.০০৫ ভারতীয় রুপি ব্যয় করতে হবে।

এই এসএনএ চার্জ বিদ্যুতের মূল ট্যারিফের অন্তর্ভুক্ত নয় বরং এটি আলাদা একটি ব্যয় হিসেবে যুক্ত হবে। মূলত আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং এবং অর্থনৈতিক লেনদেনের প্রয়োজনীয় ব্যয় মেটাতেই এই চার্জ নেওয়া হয়। এই লক্ষ্য অর্জনে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

গত ১৮ আগস্ট এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১ ভারতীয় পয়সা চার্জের দাবি করেছিল। তবে দীর্ঘ দরকষাকষির পর বিপিডিবি এই চার্জের হার ০.০০৫ রুপি বা আধা পয়সায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

ভারতের বর্তমান বিদ্যুৎ বিষয়ক আইন অনুযায়ী এই চুক্তি করা বাধ্যতামূলক। অন্যথায় ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে।বর্তমানে নেপাল ও ভুটানও ভারতকে একই ধরনের এসএনএ চার্জ প্রদান করছে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই চার্জের হার মূলত ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নির্ধারিত নীতিমালার আলোকে করা হয়েছে। ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে আমদানির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ভারতকে প্রায় ৫ হাজার ৮০০ রুপি এসএনএ চার্জ দিতে হবে।

বর্তমানে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশ মোট ২ হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সুবিধা ভোগ করছে। এর মধ্যে পাঁচটি নির্দিষ্ট বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্য এই নতুন এসএনএ চুক্তি প্রযোজ্য হবে। তবে আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুতের ক্ষেত্রে আলাদা চুক্তির প্রয়োজন নেই কারণ তাদের বিদ্যমান ক্রয় চুক্তিতেই এই চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language