কক্সবাজার

রামুতে কক্সবাজার-ঢাকাগামী চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

কক্সবাজার, ২২ আগস্ট – কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা ৩০ জন যাত্রীর সবাই অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সাহসিকতায় জানালার কাচ ভেঙে তাঁদের দ্রুত বের করে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, কক্সবাজার থেকে যাত্রা শুরুর কিছু সময়ের মধ্যেই বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। দ্রুতই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে লাঠি ও পাথর দিয়ে জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীদের অধিকাংশ মালামালও নিরাপদে উদ্ধার করে তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের যাত্রী সোহেল রানা জানান, স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় জানালার কাচ ভাঙা সম্ভব হয়েছিল বলেই বড় কোনো প্রাণহানি ঘটেনি।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, পুলিশ সংবাদ পাওয়ার দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এনএন/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language