কক্সবাজার

মিয়ানমারে আটক ২৪ জেলেকে নাফ নদী হয়ে দেশে ফিরিয়ে আনল বিজিবি

কক্সবাজার, ১৯ আগস্ট – বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অসাবধানতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার দুপুরে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির প্রতিনিধিদলের কাছ থেকে বিজিবির একটি বিশেষ দল তাদের গ্রহণ করে। এরপর জেলেদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে এই জেলেরা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। পরে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টায় এবং মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের মুক্তি নিশ্চিত করা হয়।

বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমেই এই জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language