এশিয়া

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: মালিকের বিরুদ্ধে ৬ অভিযোগ

ব্যাংকক, ১১ আগস্ট – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে গত মাসে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যুর ঘটনায় বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। প্রধান তদন্তকারী কর্মকর্তা সোমবার জানিয়েছেন যে এই ঘটনায় অবহেলাসহ মোট ছয়টি অভিযোগে মামলা করা হবে।

রং বিয়ার না লাদ ফ্রাও নামক জনপ্রিয় রেস্তোরাঁ ও বারের মালিক সুবিচা সালাইবাত্র গত ১২ জুলাই সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধান তদন্তকারী ইসারা না পাত্থালুং জানিয়েছেন যে সুবিচার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তার বিরুদ্ধে আনা উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবহেলার কারণে মৃত্যু ও গুরুতর জখম হওয়া, অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক কর্মকাণ্ড এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনা করা। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা ইউনিট থেকে বের হলেও চিকিৎসকরা তাকে এখনও পুলিশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেননি।

তবে আগামী কয়েক দিনের মধ্যে তাকে এই ঘটনার একমাত্র সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করা হতে পারে বলে পুলিশ আশা করছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী ছাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অধিকাংশ মানুষ ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। উল্লেখ্য যে থাইল্যান্ডে নাইটক্লাব ও বারের নিরাপত্তা বিধিমালা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ২০০৯ সালে সান্তিকা ক্লাবে অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছিল।

এস এম/ ১১ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language