সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ

ঢাকা, ১০ আগস্ট – সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
এই প্রক্রিয়া সম্পন্ন হলে স্বজনদের সম্মতি সাপেক্ষে মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত রবিবার সৌদি আরবের একটি সোফা কারখানায় কাজ করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা।
এছাড়া নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধাদের অকাল মৃত্যুতে নওগাঁ ও নাটোরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
এস এম/ ১০ আগস্ট ২০২৬









