ইউরোপ

সিরিয়ায় ইসরায়েলি হামলা স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্ক

আঙ্কারা, ৬ আগস্ট – তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা দেশটির সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অন্যতম প্রধান হুমকি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সরাসরি দায়ী করেছেন।

বৃহস্পতিবার আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, সিরিয়ার সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা দেশটির সামগ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আবারও প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় একেবারেই আগ্রহী নন।

ফিদান আরও অভিযোগ করেন যে, নেতানিয়াহু সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে তাদের দমন-পীড়ন ও সহিংস কর্মকাণ্ড আগের চেয়ে আরও জোরদার করেছে। তার মতে, এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ শুধু ফিলিস্তিন নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button