গাজায় তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহের জানাজা

গাজা, ৫ আগস্ট – বছরের পর বছর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের অবশেষে শেষ বিদায় জানালো গাজাবাসী। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা সিটির সবরা এলাকায় ১১২ জন ফিলিস্তিনির জানাজা সম্পন্ন হয়েছে।
ফিলিস্তিনের পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিনের এই দৃশ্য বর্তমানে চলমান যুদ্ধের এক করুণ প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় আল হুসাইনা এবং আবু শারিয়া পরিবারের অন্তত ৩০০ সদস্য প্রাণ হারিয়েছিলেন।
সেই সময় শক্তিশালী বোমার আঘাতে ভবন ধসে পড়লে বিপুল সংখ্যক মানুষ মাটির নিচে চাপা পড়েন। দীর্ঘ সময় পর সেই ধ্বংসস্তূপ সরিয়ে এই ১১২ জনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শোকের ছায়া কাটেনি এখনো কারণ দেড় শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ। আড়াই বছরের অবুঝ শিশুদের করুণ মৃত্যু বিশ্ববিবেকের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গাজায় চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জানাজায় উপস্থিত মানুষের চোখের জল আর হাহাকার কেবল শোক নয় বরং এক নিরব প্রতিবাদ হিসেবে গণ্য হচ্ছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









