উত্তর আমেরিকা

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের সঙ্গে সমঝোতার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৫ আগস্ট – বৈশ্বিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন যে বুধবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

তার মতে এমন কোনো সমঝোতা হলে তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে বড় ভূমিকা পালন করবে। তবে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না বলে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তার প্রত্যাশা অনুযায়ী বুধবারেই হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি মতৈক্য হতে পারে।

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করতে পারবে কি না এমন এক প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন যে তিনি সেখানে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে বিশ্বাসী। মার্কিন অর্থমন্ত্রীর এই বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সাথে সংগতিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সংলাপের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। এর মাঝেই গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সম্ভাব্য এই সমঝোতা জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে অসংখ্য জাহাজ প্রণালিটি অতিক্রমের অপেক্ষায় রয়েছে তবে গত কয়েক দিনের অনিশ্চয়তা কাটিয়ে বেশ কিছু জাহাজ এখন চলাচল শুরু করেছে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language