উত্তর আমেরিকা

ইরানের সাথে সঠিক চুক্তির সময় এখনো আসেনি বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ২২ আগস্ট – ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বর্তমানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে তারা কেবল পরিস্থিতির গতিপ্রকৃতি দেখছেন। তিনি দাবি করেন হরমুজ প্রণালিকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এমনকি স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও তাদের আধিপত্য বজায় আছে।

ট্রাম্পের মতে ইরান একটি চুক্তি করতে চাইলেও সঠিক শর্তাবলীতে রাজি হওয়ার মতো মানসিকতায় তারা এখনো পৌঁছায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি উল্লেখ করেন যে ইরান বর্তমানে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক স্থবিরতা থাকলেও যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার জন্য এটিই উপযুক্ত সময়। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান আরও দাবি করেন যে বর্তমানে গোটা বিশ্ব ইরানের বিজয়কে স্বীকার করে নিচ্ছে।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language