উন্নত জীবনের খোঁজে সমুদ্রে প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন

রাবাত, ২ আগস্ট – উন্নত জীবনের আশায় মরক্কো থেকে সমুদ্রপথে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন উদীয়মান নারী ফুটবলার ফাতেন বিন আমোর আল আজিজি। এই মর্মান্তিক ঘটনায় মরক্কোর ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফাতেনের ক্লাব মাগরেব অ্যাটলেটিকো তেতুয়ান এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছে যে তার স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ক্লাবের পক্ষ থেকে বলা হয় ফাতেন সস্তা খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে নয় বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় জীবন বাজি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি বিশ্বাস করতেন সীমান্তের ওপারে একটি উন্নত জীবন তার জন্য অপেক্ষা করছে কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সমুদ্র তার প্রাণ কেড়ে নেয়। ফাতেনের এই মৃত্যু মরক্কো ও সেউতা সীমান্তে চলমান অভিবাসন সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।
স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুসারে প্রায় ৬০ হাজার মানুষ এই সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছেন। যদিও মরক্কো সরকার হতাহত বা নিখোঁজের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেয়নি তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি ফনিদেক থেকে সেউতা যাওয়ার পথে পানিতে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নিখোঁজ স্বজনদের খোঁজে অনেক পরিবার এখনো সেখানে অপেক্ষা করছে যাদের বড় একটি অংশই তরুণ।
ফাতেনের ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছে যে অবৈধভাবে সীমান্ত পাড়ির এই বিপজ্জনক চেষ্টা তরুণদের ভয়াবহ মূল্য দিতে বাধ্য করছে। এর ফলে অসংখ্য স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এবং অনেক পরিবার প্রিয়জনকে হারিয়ে শোকাতুর হয়ে পড়ছে।
এস এম/ ২ আগস্ট ২০২৬









