দক্ষিণ এশিয়া

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারতীয় সংসদীয় কমিটির সুপারিশ

নয়াদিল্লি, ৩১ জুলাই – বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সংক্রান্ত সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

কমিটি আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত থাকা এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের ফলে দুই দেশের মানুষের মধ্যকার যোগাযোগ ও ইতিবাচক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয় যে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশের পাঁচটি কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা প্রদান করা হচ্ছে যার মধ্যে প্রায় ৮০ শতাংশই হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ভিসা।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button