
বিমানে জানালার পাশের সিট অনেকেরই প্রিয়। কেউ মেঘ দেখতে চান, কেউ আকাশের সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ দীর্ঘ যাত্রায় দেয়ালে হেলান দিয়ে নিশ্চিন্তে ঘুমানোর জন্য। তাই পৃথিবীর অধিকাংশ এয়ারলাইনসই আজ যাত্রীদের নির্দিষ্ট আসন বেছে নেওয়ার সুযোগ দেয়। অনেক এয়ারলাইনস এই সিটের জন্য অতিরিক্ত অর্থও নেয়, আর অসংখ্য যাত্রী সেই অর্থ দিয়েই পছন্দের আসনটি আগে থেকেই সংরক্ষণ করেন।
কিন্তু অতিরিক্ত অর্থ দিয়ে বুক করা একটি জানালার পাশের সিটই যদি একজন মানুষের চাকরি, মানসিক শান্তি, ব্যক্তিগত মর্যাদা এবং বিশ্বজুড়ে আলোচনার কারণ হয়ে দাঁড়ায়? তখন সেই সিটের মূল্য কি আর কেবল কয়েক ডলার বা কয়েক হাজার টাকায় মাপা যায়?
শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্রাজিলের এক তরুণীর জীবনে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। তিনি কোনো অপরাধ করেননি, কারও সঙ্গে দুর্ব্যবহারও করেননি। তিনি শুধু অতিরিক্ত অর্থ দিয়ে বুক করা নিজের আসনটিতে বসতে চেয়েছিলেন। অথচ কয়েক মিনিটের মধ্যেই তিনি পরিণত হন সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। লাখো মানুষ তাঁর সিদ্ধান্তের বিচার করতে শুরু করে, যেন একটি বিমানের সিট নয়, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একজন মানুষ।
ঘটনাটি ২০২৪ সালের ডিসেম্বরের। ব্রাজিলের গোল এয়ারলাইন্স (GOL Airlines)-এর একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন ২৯ বছর বয়সী ব্যাংককর্মী জেনিফার কাস্ত্রো। আগে থেকেই অতিরিক্ত অর্থ দিয়ে জানালার পাশের একটি আসন সংরক্ষণ করেছিলেন তিনি। কিন্তু বিমানে উঠে দেখলেন, তাঁর আসনে বসে আছে একটি ছোট শিশু। শিশুটির মা অনুরোধ করলেন, আসনটি যেন তাঁর সন্তানকেই ছেড়ে দেন। জেনিফার আসন বদলাতে রাজি হলেন না। এরপর শিশুটি কান্নাকাটি শুরু করে।
ঘটনাটি এখানেই শেষ হতে পারত। প্রতিদিন বিশ্বের অসংখ্য ফ্লাইটে এমন ছোটখাটো পরিস্থিতি তৈরি হয়, আবার কিছুক্ষণের মধ্যেই মিটেও যায়। কিন্তু সেদিন বিমানের এক যাত্রী মোবাইল ফোন বের করে ঘটনাটি ভিডিও করতে শুরু করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের কাছে। শুরু হয় তর্ক, সমালোচনা, বিদ্রূপ এবং জেনিফারকে ঘিরে নির্বিচার বিচার।
কেউ লিখলেন, “একটি শিশুর জন্য সামান্য ছাড়ও দিতে পারলেন না?” আবার কেউ পাল্টা প্রশ্ন তুললেন, “যে আসনের জন্য তিনি অতিরিক্ত অর্থ দিয়েছেন, সেটি অন্য কাউকে ছেড়ে দিতে তিনি কেন বাধ্য হবেন?”
জেনিফার পরে জানান, ভাইরাল হওয়ার পর তাঁর ব্যক্তিগত জীবন ও কর্মজীবন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক মাধ্যমে অবিরাম কটূক্তি, অপমান ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন তিনি। তাঁর দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তাঁকে চাকরি ছেড়ে দিতে হয়। পরে তিনি গোল এয়ারলাইন্স এবং ভিডিও ধারণকারী যাত্রীর বিরুদ্ধে মামলা করেন। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রকাশের ফলে তিনি জনসমক্ষে অপমানিত হয়েছেন এবং এর জন্য তাঁকে বড় মূল্য দিতে হয়েছে।
ঘটনাটি দ্রুত বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়। একটি জানালার পাশের সিটকে ঘিরে মানুষ যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
একদল বলল, মানবিকতা সবচেয়ে বড় বিষয়। একটি শিশুর মুখের দিকে তাকিয়ে একটু ছাড় দেওয়া যেত। অন্যদল বলল, মানবিকতা অবশ্যই মূল্যবান, কিন্তু সেটি কখনো জোর করে আদায় করা যায় না। আপনি কাউকে অনুরোধ করতে পারেন, কিন্তু তিনি না বলার অধিকারও রাখেন।
বিমানে কোনো যাত্রী যদি স্বেচ্ছায় নিজের আসন ছেড়ে দেন, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু তিনি যদি না দেন, সেটিও তাঁর অধিকার। বিশেষ করে যখন তিনি সেই আসনের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন।
জেনিফারকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাঁর সিটে বসে থাকা নয়; ক্ষতি করেছে একটি মোবাইল ফোনের ক্যামেরা। আমরা এমন এক সময়ে বাস করছি, যখন অনেকেই কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে আগে সাহায্যের হাত বাড়ান না, আগে ক্যামেরা চালু করেন। কয়েক সেকেন্ডের একটি ভিডিও কখনও পুরো সত্য তুলে ধরে না। ক্যামেরার ফ্রেমের বাইরে কী ঘটেছে, কে কীভাবে কথা বলেছেন, কী প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেসব বেশির ভাগ সময়ই অদৃশ্য থেকে যায়। কিন্তু সেই অসম্পূর্ণ ভিডিও দেখেই লাখো মানুষ মন্তব্য করেন, বিচার করেন, কখনও একজন মানুষকে নায়ক বানিয়ে দেন, আবার কখনও খলনায়ক।
এটি শুধু জেনিফারের গল্প নয়। এটি ডিজিটাল যুগের এক নতুন বাস্তবতা, যেখানে আদালতের রায় ঘোষণার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের বিচার হয়ে যায়।
যে কোনো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে অন্তত একবার ভাবা উচিত। কয়েক সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও সাময়িক বিনোদন দিতে পারে, কিন্তু সেই ভিডিও একজন মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে। জেনিফার কাস্ত্রোর গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই।
এনএন/ ২৮ জুলাই ২০২৬









