দক্ষিণ এশিয়া

প্রশ্নফাঁসের দায়ে পদত্যাগী ধর্মেন্দ্র প্রধানকে বিজেপির সংবর্ধনা, লোকসভায় সমালোচনা

নয়া দিল্লি, ২৮ জুলাই – ভারতের নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে দীর্ঘ ৩৭ দিনের ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর সোমবার সংসদে প্রবেশের সময় ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্যরা তাকে উষ্ণ সংবর্ধনা দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভারতের লোকসভায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপির এই আচরণের তীব্র সমালোচনা করে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে এমনভাবে বরণ করে নেওয়া হয়েছে যেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ জয় করে ফিরেছেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংসদে প্রবেশের সময় বিজেপি সাংসদরা ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাকে ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে দেন। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করে বলেছেন, যেখানে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত সেখানে তাকে সুপারস্টারের মতো স্বাগত জানানো হয়েছে।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ধর্মেন্দ্র প্রধান ভারতের বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থার প্রতীক। তার মতে, নৈতিক দায় থেকে নয় বরং তরুণদের ক্ষোভের ভয়ে তিনি পদত্যাগ করেছেন। রাহুল গান্ধী আরও বলেন, শিক্ষার্থীদের নষ্ট হওয়া ভবিষ্যতের মুখে এই সংবর্ধনা কোনো সম্মান নয় বরং উদযাপনের শামিল।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তী সময়ে সারাদেশে ছড়িয়ে পড়ে।

সংগঠনটির দাবি অনুযায়ী, পরীক্ষা সংক্রান্ত সংকটে ও মানসিক চাপে অন্তত ২১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যদিও সরকার এই মৃত্যুর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মে মাসে পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তদন্ত শুরু হওয়ার পর ফল স্থগিত করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language