গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস বাধ্যতামূলক করল বিআরটিএ

ঢাকা, ২৮ জুলাই – আগামী ১ আগস্ট থেকে দেশের সকল গণপরিবহনে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস সংযোজন এবং সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই তারিখ থেকে নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং বিদ্যমান যানবাহনের ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই নির্দেশনা অনুযায়ী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক।
জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদানের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের নথিপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির সক্রিয়তা নিশ্চিত করতে হবে।
বিআরটিএ আরও জানিয়েছে যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৫৫ নম্বর বিধি অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযোগ নিশ্চিত করার পরই কেবল রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এই প্রক্রিয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এনএন/ ২৮ জুলাই ২০২৬









