জাতীয়

সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা: পুলিশ সদর দফতরের সতর্কবার্তা

ঢাকা, ২৮ জুলাই – পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়েছে যে সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দফতরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। পুলিশ সদর দফতর আরও জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে মানেই সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা অ্যাকাউন্টটি সেই কর্মকর্তার এটি নিশ্চিতভাবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।

তাই এই ধরনের বার্তায় কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কেউ যদি এই ধরনের প্রতারণামূলক বার্তা পান তবে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানায় যে এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button