দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, নিহতরা সবাই নারায়ণগঞ্জের

প্রিটোরিয়া, ২৮ জুলাই – দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় তারা সবাই ওই দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
হঠাৎ আগুন লেগে গেলে মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। দুর্ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন গণমাধ্যমকে জানান যে তিনি বেশ কয়েকজন নিহতের খবর পেয়েছেন।
তবে এখন পর্যন্ত প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক তথ্য পৌঁছায়নি। উপজেলা প্রশাসন এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং স্থানীয় কর্তৃপক্ষের তদন্ত চলছে।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









