দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জোহানেসবার্গ, ২২ এপ্রিল – দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবু নাছের শামীম নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। ৫০ বছর বয়সী এই ব্যবসায়ী চার ছেলের জনক ছিলেন।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। চার বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে পুনরায় সেখানে ফিরে ব্যবসা সম্প্রসারণ করেন। বর্তমানে সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পরিবারের অভিযোগ, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে নোয়াখালীরই এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে শামীমের বিরোধ দেখা দেয়। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন।
মঙ্গলবার বিকেলে দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর কয়েকটি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









