জাতীয়

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে: প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ জুলাই – সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যে ভিসা জটিলতা চলছে সে বিষয়ে সরকার সম্পূর্ণ অবগত। সমস্যাটি সমাধানের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা অব্যাহত রয়েছে।

দেশের নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে তা সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তার জন্য আনন্দের বিষয় হবে।

প্রবাসীদের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলাজনিত ক্ষোভের বিষয়টি স্বীকার করে নিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ও ইতিবাচক কিছু করতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে, তবে খুব দ্রুতই ভালো ফলাফল আসবে বলে তিনি বিশ্বাস করেন।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button