বলিউড

শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাটরিনার নীরবতা: জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে ভক্তদের প্রতিবাদ

মুম্বাই, ২৩ জুলাই – শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কার ইস্যুতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নীতিগত কারণে ক্যাটরিনার এই নীরবতার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রীর ৭০ হাজারের বেশি অনুসারী থাকা একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ককরোচ জনতা পার্টি পরিচালিত ছাত্র আন্দোলনের পক্ষে কোনো মন্তব্য না করায় ক্ষোভ প্রকাশ করে পেজটির অ্যাডমিন এই সিদ্ধান্ত নেন। ফ্যান পেজটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ছোটবেলা থেকেই তারা অভিনেত্রীর অনুরাগী ছিলেন।

কিন্তু ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংকটে ক্যাটরিনা কোনো শব্দও খরচ করেননি। ভক্তদের মতে, সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসিকতা অভিনেত্রীর নেই এবং বিপদের দিনে তিনি ভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানামুখী বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ক্যাটরিনার একাংশ অনুরাগী বলছেন, গণতান্ত্রিক দেশে কোনো বিষয়ে নীরব থাকা বা মতামত না দেওয়ার স্বাধীনতা একজন শিল্পীর রয়েছে।

উল্লেখ্য যে, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতিমধ্যে শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজের মতো তারকারা সোচ্চার হয়েছেন। এমন পরিস্থিতিতে ক্যাটরিনার নীরব ভূমিকা ভক্তদের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি করেছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button