কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আইআরজিসির ভয়াবহ হামলা

তেহরান, ২৩ জুলাই – কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার পরিচালিত এই হামলায় বেশ কিছু মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।
একই সঙ্গে এই ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হামলায় একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এছাড়া দেশটির উদাইরি ক্যাম্পে মার্কিন সেনাদের আবাসন এবং হেলিকপ্টার হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আমেরিকান সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের যোগাযোগ অবকাঠামোতে সাম্প্রতিক মার্কিন সাইবার আক্রমণের জবাব দিতেই এই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েতের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারেও আঘাত হানা হয়। তবে এই হামলার মাধ্যমে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো উদ্দেশ্য নেই বলে আইআরজিসি স্পষ্ট করেছে। একই সময়ে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও সমন্বিত হামলা চালায় ইরানি বাহিনী।
এই হামলায় জর্ডানের ঘাঁটিতে থাকা একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, একটি প্যাট্রিওট সিস্টেম এবং সি-র্যাম রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার ফলে বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক, হেলিকপ্টার সরঞ্জামের গুদাম এবং একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এই খবর নিশ্চিত করেছে।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









