দিল্লিতে সিজেপির আন্দোলনের জেরে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

নয়া দিল্লি, ২২ জুলাই – ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর কেন্দ্রিক আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) এসব স্টেশনে ট্রেন চলাচল ও প্রবেশাধিকার স্থগিতের ঘোষণা দেয়। বন্ধ করে দেওয়া স্টেশনগুলোর তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, প্যাটেল চক, লোক কল্যাণ মার্গ, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম।
তবে সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধুমাত্র ট্রেন পরিবর্তনের বা ইন্টারচেঞ্জ সুবিধা অব্যাহত রাখা হয়েছে বলে ডিএমআরসি জানিয়েছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে আছে মধ্য দিল্লির রাজপথ। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় মেট্রো স্টেশনগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আন্দোলনের শুরুতে গত সোমবারও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।
এস এম/ ২২ জুলাই ২০২৬









