মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত, সমঝোতা স্থগিত

তেহরান, ২০ জুলাই – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এবারের হামলায় ইরানের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরানও প্রতিবেশী বিভিন্ন দেশে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিপর্যয়কর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনী। বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র স্মারকের শর্তসমূহ লঙ্ঘন করেছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপে তার কোনো কিছু আসে যায় না। উল্লেখ্য যে, গত ১৭ জুন দেশ দুটির মধ্যে ওই স্মারক সই হয়েছিল। মূলত সমঝোতা স্মারকের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। শর্তানুযায়ী হামলা বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তা ঘটেনি।

বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। ইরান সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজ চলাচলের দাবি করলেও যুক্তরাষ্ট্র জর্ডান উপকূল দিয়ে বিকল্প পথে জাহাজ চলাচলের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায়।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে ছিল এবং তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইরানের আণবিক শক্তি সংস্থা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা কমিয়ে দেওয়া এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।

পরমাণু কেন্দ্রের পাশাপাশি ইরানের সিরিক ও শাদেগান শহরের কাছেও হামলা হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান কুয়েতের আল আদিরি ক্যাম্প ও আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা করার দাবি করেছে।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button