জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি, নিখোঁজ অনেকে

শ্রীনগর, ১৯ জুলাই – ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলায় শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং কয়েক শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে যে পুঞ্চ জেলায় ভারি বর্ষণে ঘরবাড়ি ধসে ১০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া রাজৌরি জেলায় ভূমিধস ও বন্যার কারণে আরও একজনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বন্যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে রাজৌরি শহরে। সেখানে নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
পানির তীব্র স্রোতে বহু যানবাহন ভেসে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রিয়াসি জেলায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া রাজৌরি এবং উধমপুরেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দারহালি এবং খান্ডলিসহ ওই এলাকার প্রধান নদীগুলো বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। বেলা কলোনির কাছে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এর ফলে সেখানে পার্ক করা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আব্দুল্লাহ ব্রিজ সংলগ্ন বস্তি এলাকায় পানি ঢুকে পড়ায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। পুলিশ ও উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাইকিং করছে এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করছেন। জেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম সমন্বয় ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
এস এম/ ১৯ জুলাই ২০২৬









