দক্ষিণ এশিয়া

অনশনের ২১তম দিনে সোনম ওয়াংচুক হাসপাতালে, পুলিশের হস্তক্ষেপে স্থানান্তর

দিল্লি, ১৮ জুলাই – আমরণ অনশনের ২১তম দিনে লাদাখের প্রখ্যাত বিজ্ঞানী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে দিল্লির যন্তর-মন্তর থেকে পুলিশ তাকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,

তিনি বর্তমানে সচেতন আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত ২৮ জুন থেকে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তার শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।

চিকিৎসকদের পরামর্শ ও আদালতের নির্দেশে পুলিশ তাকে অনশনস্থল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার ভোরে পুলিশ সদস্যরা যন্তর-মন্তর এলাকায় অভিযান চালিয়ে সোনম ওয়াংচুককে সরিয়ে নেন। এ সময় তার সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে,

ওয়াংচুকের জীবনের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টি আগামী ২০ জুলাই সংসদ চলো কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সোনম ওয়াংচুকও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছিলেন। তার অনুপস্থিতিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আন্দোলনকারীরা। চিকিৎসা বুলেটিন অনুযায়ী, গত তিন সপ্তাহে ওয়াংচুকের ওজন প্রায় ৮ কেজি কমে গেছে।

তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। এর আগে রাজনৈতিক নেতারা তার সঙ্গে দেখা করে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button