কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৯ হাজার গোপন ফাইল ফাঁস

নয়া দিল্লি, ১৬ জুলাই – ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলামের সুরক্ষা সংশ্লিষ্ট হাজার হাজার গোপন নথি ও নকশা সাইবার হামলার মাধ্যমে ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ তাদের সার্ভার থেকে আংশিক তথ্য চুরির বিষয়টি স্বীকার করেছে।
বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। জানা গেছে যে ওয়ার্ল্ড লিকস নামক একটি কুখ্যাত র্যানসমওয়্যার গ্রুপ এই সাইবার হামলার পেছনে রয়েছে। এর আগে এই গোষ্ঠীটি টাটা গ্রুপ ও নাইকির মতো বড় বড় প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছিল।
একজন স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষকের দেওয়া তথ্য অনুযায়ী ডার্ক ওয়েবে প্রায় ১৪ দশমিক ৩ গিগাবাইট আকারের ১৯ হাজার স্পর্শকাতর ফাইল ও ব্লুপ্রিন্ট ফাঁস করা হয়েছে। যার মধ্যে ভারতের উচ্চাভিলাষী পারমাণবিক শক্তি প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন ৩ ও ৪ নম্বর ইউনিটের ভেন্টিলেশন ও কুলিং সিস্টেমের নকশা এবং কমন কন্ট্রোল রুমের মেঝের বিন্যাসও রয়েছে।
এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা এবং কোনো সন্ত্রাসী হামলার ক্ষেত্রে বিমা পলিসির নথিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে যে ফাঁস হওয়া তথ্যগুলো সাধারণ পরিষেবা সংক্রান্ত এবং এতে মূল পারমাণবিক নিরাপত্তাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নকশা ও ফাইলগুলোর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য দুর্বলতা ও নিরাপত্তাব্যবস্থা চিহ্নিত করা অপরাধীদের জন্য সহজ হয়ে যেতে পারে যা একটি বড় ঝুঁকি।
বর্তমানে ভারতের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট ইন এই মারাত্মক তথ্য ফাঁসের ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে ২০১৯ সালেও কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠীর হামলার শিকার হয়েছিল।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









