ফুটবল

১২০ মিনিটেও গোলমুখে শটহীন আর্জেন্টিনা, শিরোপা জিতল স্পেন

মাদ্রিদ, ২০ জুলাই – বিশ্বকাপের ফাইনালে স্পেনের রক্ষণভাগের দুর্দান্ত রণকৌশলের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট লড়াই করেও প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে একটি সফল শটও নিতে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মাঠে অধিনায়ক লিওনেল মেসি উপস্থিত থাকলেও স্প্যানিশদের জমাট রক্ষণ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয় লিওনেল স্কালোনির শিষ্যরা। পুরো ম্যাচ জুড়ে স্পেন একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ২০টি শট নেয় যার মধ্যে ১২টি শটই ছিল গোলপোস্ট লক্ষ্য করে।

বিপরীতে আর্জেন্টিনা কেবল দুটি শট নিতে সক্ষম হয় কিন্তু তার একটিও লক্ষ্যে ছিল না। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টের নিচে একাই দেয়াল হয়ে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ১০৬ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন।

বক্সের বাইরে থেকে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে নিকো উইলিয়ামস তা বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ফেররান তোরেসের দিকে। দারুণ এক শটে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তোরেস।

গোল হজমের পর আর্জেন্টিনা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও স্পেনের সুসংহত রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button