মধ্যপ্রাচ্য

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলা: অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত

গাজা, ১৮ জুলাই – গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার একটি জানাজায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,

কথিত যুদ্ধবিরতির মধ্যে প্রায় প্রতিদিনই গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এবং স্থানীয় হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার নুসেইরাত শরণার্থী শিবিরের আল বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের সমাবেশের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এতে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত এক ব্যক্তির জানাজার জন্য আহমদ ইয়াসিন মসজিদের সামনে জড়ো হওয়া মানুষের ওপর ড্রোন থেকে বোমা ফেলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে।

তবে তাদের দাবি, তারা একটি সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতিতেই ইসরায়েল নিয়মিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরপরাধ মানুষকে হত্যা করছে।

এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এবং গাজা সিটির বিভিন্ন অ্যাপার্টমেন্টেও ড্রোন হামলা চালিয়ে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মে মাস থেকে গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা আরও বেড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ২৭৪ জন শিশু প্রাণ হারিয়েছে। গড়ে প্রতিদিন একটি শিশু হত্যার শিকার হচ্ছে বলে পত্রিকাটি উল্লেখ করেছে। বর্তমানে গাজার আকাশ ড্রোনে ভরা এবং সেখানে ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language