কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ১৬ জুলাই – কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা বর্তমান আমিরের কাছে হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
বুধবার দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সফরে কাতার যান স্পিকার। সফরে তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
দোহায় অবস্থানকালে স্পিকার বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তাটি হস্তান্তর করেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সফর চলাকালে স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









