সৌদি আরব

সৌদি আরবে কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী নিহত

রিয়াদ, ১৬ জুলাই – সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর এলাকার সামাদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে আল কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানায় কর্মরত ছিলেন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন তিনি। স্বজনরা জানান, ঘটনার সময় নাদিম খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের দাবি, এই ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নাদিমের মৃত্যুর খবর দেশে পৌঁছালে যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বাবা সামাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। একইসঙ্গে দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language