শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের ৬ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম প্রত্যাহার

ঢাকা, ১৫ জুলাই – আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয়টি দাবি সরকারের কাছে পেশ করেছে।

বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যে তারা বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন না। এর বদলে শিক্ষার্থীদের ওপর কোনো প্রকার চাপ সৃষ্টি না করে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় ঐচ্ছিক পরীক্ষার সুযোগ দেওয়া। এক্ষেত্রে দুই পরীক্ষার মধ্যে যেটিতে শিক্ষার্থী বেশি নম্বর পাবে সেটিই চূড়ান্ত বলে গণ্য করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রশ্নপত্রে ভুল থাকলে পূর্ণ নম্বর প্রদান এবং পরীক্ষার্থীদের মানসিক চাপ লাঘবে চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন যে প্রশ্নপত্রের ধরনে হঠাৎ পরিবর্তন আসার কারণে অনেক পরীক্ষার্থী প্রস্তুতির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন।

শিক্ষার্থীরা পরীক্ষার হলে শান্ত ও পরীক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা স্পষ্ট করেছেন যে তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে এর সম্পর্ক নেই।

গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে তারা এ বিষয়ে পুলিশের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করেছেন।

টানা দ্বিতীয় দিনের মতো আজ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী উত্তরা, সায়েন্স ল্যাব এবং সাভার এলাকায় পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পূর্বঘোষিত লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে একদল শিক্ষার্থী শিক্ষা ভবনের দিকে অগ্রসর হলে বিকেল ৪টার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

এনএন/ ১৫ জুলাই ২০২৬


Back to top button