গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট, ১১ জুলাই – সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন যুবক শুক্রবার রাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।
তারা মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ঘটনার খবর পেয়েই তিনি নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, মিনহাজ উদ্দিন অসৎ উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে খাসিয়াদের গুলির শিকার হন। পরবর্তীতে তাকে বাংলাদেশ সীমান্তে আনা হলেও চিকিৎসার পূর্বেই তার মৃত্যু হয়।
এস এম/ ১১ জুলাই ২০২৬









