এশিয়া

টাইফুন ‘বাভি’র তাণ্ডবে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণাঞ্চল, এশিয়ায় সতর্কতা জারি

টোকিও, ১১ জুলাই – জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা ও ভূমিধসের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে।

ওকিনাওয়া প্রিফেকচারের ইশুগাকি দ্বীপে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। সমুদ্রে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। টাইফুনের প্রভাবে ওকিনাওয়ায় প্রায় ২৪ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ইশুগাকিতে বিমান ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট মিলিয়ে কয়েক শ ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। অন্যদিকে তাইওয়ানে টাইফুনের আশঙ্কায় পার্বত্য অঞ্চল থেকে ১৪ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ এক মিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অধিকাংশ শহর ও কাউন্টিতে সাধারণ ছুটি ঘোষণা করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রবিবার ভোরে ঘূর্ণিঝড়টি চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনজুতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় এক কোটি জনসংখ্যার এই শহরে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চীন সরকার।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language