সিলেটে ‘দুধওয়ালা’ আউটলেট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সিলেট, ৭ জুলাই – বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেটের জনপ্রিয় দুগ্ধ ও মিষ্টিজাত ব্র্যান্ড ‘দুধওয়ালা’র আউটলেট পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি তার সহধর্মিণীকে নিয়ে সিলেট নগরীর জালালাবাদ এলাকায় অবস্থিত এই আউটলেটটি পরিদর্শনে যান।
সফরকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ধরনের মিষ্টি, দই, রসমালাই, ঘি ও কুকিজসহ অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সেগুলোর স্বাদ গ্রহণ করেন। তিনি পণ্যের গুণগত মান, স্বাদ এবং চমৎকার উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
দুধওয়ালার উদ্যোক্তারা এ সময় রাষ্ট্রদূতকে জানান যে, চারজন ডেইরি খামারির হাত ধরে কাঁচা দুধে মূল্য সংযোজনের লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী রেসিপির সমন্বয়ে তারা মানসম্মত দুগ্ধজাত পণ্য তৈরি করছেন।
বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের স্বাদকে ভিত্তি করে স্থানীয়দের রুচি অনুযায়ী নতুনত্বের ছোঁয়া দেওয়া হয়েছে তাদের পণ্যে। এছাড়া মিষ্টি দই পরিবেশনের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী মাটির সরা বাটি বগুড়া থেকে সংগ্রহ করা হয় যা দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে ধারণ করে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, বর্তমানে তাদের পণ্যগুলো একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ড নামে আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত উদ্যোক্তাদের সাথে আন্তর্জাতিক বিপণন ও ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি একটি বিশেষ স্মারকও উদ্যোক্তাদের হাতে তুলে দেন।
এস এম/ ৭ জুলাই ২০২৬









