২০২৬ বিশ্বকাপে রেফারিদের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা ফিফার

ওয়াশিংটন, ১১ জুলাই – আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে রেফারিদের সম্মানী আগের সব আসরের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় থাকা একজন প্রধান রেফারি টুর্নামেন্ট শুরুর আগেই ১ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি হিসেবে পাবেন। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য ৩ থেকে ৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ যেমন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে এই পারিশ্রমিক বেড়ে হবে ১০ হাজার ডলার পর্যন্ত। সহকারী রেফারি এবং চতুর্থ অফিশিয়ালদের জন্য ২৫ হাজার ডলারের একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের জন্য অতিরিক্ত বোনাসের ব্যবস্থা রাখা হয়েছে। ফিফার তথ্যমতে, পুরো টুর্নামেন্টে একজন শীর্ষ রেফারি ফিক্সড ফি, ভাতা এবং বিশেষ বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি আয় করতে পারেন।
ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যেই ফিফা রেফারিদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর এই বড় উদ্যোগ নিয়েছে। এর ফলে রেফারিরা আরও স্বচ্ছন্দে এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১১ জুলাই ২০২৬









