জাতীয়

উগ্র ডানপন্থীদের তৎপরতা ও মব সন্ত্রাস নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য

ঢাকা, ৬ জুলাই – অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ফার রাইট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং বা ডানপন্থী কুশীলবদের ফার রাইট এলিমেন্ট ব্যবহারের যে ভয়ঙ্কর খেলা চলছিল, তা এখন কোন পর্যায়ে আছে তা সবার দেখা উচিত। মব সন্ত্রাস, মাজার ও পত্রিকা অফিসে হামলা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে তাদের ভাড়াটে হিসেবে ব্যবহারের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা শেষ হয়েছে।

এখন জাশি রাইট উইং বলয় এ থেকে দায় মুক্তির চেষ্টা করবে। তিনি আরও উল্লেখ করেন, গত দুই বছর ধরে এই ফার রাইট উপাদানগুলো কীভাবে তথাকথিত ডানপন্থী কুশীলবদের দ্বারা লালিত পালিত হয়েছে এবং ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই বিপ্লব নিয়ে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে, তা পর্যালোচনার সময় এসেছে।

তিনি প্রশ্ন তোলেন, কাদের মদতে এসকল উপাদান জুলাই আন্দোলনকে কেবল একটি ইসলামি, ঐতিহ্যবাদী ও পুনর্জাগরণবাদী বিপ্লব হিসেবে প্রতিষ্ঠিত করতে অনলাইনে এবং অফলাইনে মব নৈরাজ্য চালিয়েছে।

উপদেষ্টা দাবি করেন, গত বছরের শুরু থেকেই তিনি এসকল উগ্র ডানপন্থী গুন্ডাতন্ত্র এবং ডিজিটাল মব এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর ফলে তাকে কুশীলবদের চক্রান্ত এবং তাদের অনুসারীদের দৌরাত্ম্য সহ্য করতে হয়েছে। সামনের দিনগুলো সবার জন্য কঠোর হিসাব নিকাশের সময় হবে বলে তিনি সতর্ক করেন।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language