মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধের সমঝোতা, বৈঠকে বসছে দোহায়

তেহরান, ২৯ জুন – টানা তিন দিনের চরম উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সব অমীমাংসিত বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার পরিবেশ বজায় রাখতে আপাতত উভয় পক্ষ সামরিক হামলা থেকে বিরত থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও ঐকমত্য হয়েছে।

এর আগে গত রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি যথাযথভাবে মেনে না চললে চরম মূল্য দিতে হবে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, রোববার তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় পুনরায় হামলা চালিয়েছে। লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এই হামলায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়ে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহত্তর সমঝোতা সফল করতে হলে লেবাননের সংঘাতও পুরোপুরি বন্ধ করতে হবে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানে পাল্টা হামলা চালিয়েছিল। বিশ্ব জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথ সংঘাতের কারণে কার্যত বন্ধ ছিল।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত নিরসনে ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ যাবতীয় সংকটের সমাধান খুঁজে বের করা।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language