জাতীয়

স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৮ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসো পরিদর্শন করেছেন। রবিবার সকাল নয়টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান।

পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি এই আকস্মিক সফর করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান গবেষণা প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন সংক্রান্ত কাজের বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় মহাকাশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language