সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

ঢাকা, ২৮ জুন – সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরকারের পক্ষ থেকে এই ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিশুদের বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল দেওয়া হচ্ছে।
ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বরাদ্দ করা হয়েছে। ক্যাম্পেইনটি সফল করতে সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এসব কেন্দ্রে সেবা প্রদান করছেন। তবে দেশের দুর্গম অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরবর্তী চার দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালনা করা হবে যাতে কোনো শিশু বাদ না পড়ে।
এস এম/ ২৮ জুন ২০২৬









