জাতীয়

বেসরকারি শিক্ষকদের ৬৭ হাজার অবসর আবেদন অনিষ্পন্ন: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৮ জুন – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধার আবেদন বর্তমানে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যে সরকার শিক্ষক কর্মচারীদের এই পাওনা দ্রুত পরিশোধে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি উল্লেখ করেন যে এই বিশাল পরিমাণ আবেদন নিষ্পত্তির জন্য ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে তহবিলে জমা আছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার বিশাল অর্থ ঘাটতি তৈরি হয়েছে।

মন্ত্রী আরও জানান যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও বিপুল সংখ্যক আবেদন পেন্ডিং রয়েছে। আগস্ট ২০২৩ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সেখানে প্রায় ৪৫ হাজার আবেদন জমা পড়েছে যার জন্য ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন।

সরকার এই সংকট নিরসনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার সংস্কার এবং সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আশ্বস্ত করেন যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে আগামী ৬ মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে শিক্ষকরা অবসরের ৩ থেকে ৬ মাসের মধ্যেই পাওনা পাবেন।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language