জাতীয়

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন, ট্রেন চলাচল বিঘ্নিত

ঢাকা, ২৮ জুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। রবিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়,

সকাল ৬টা ৪০ মিনিটের দিকে একটি সুইপিং ট্রেন নিয়মিত পর্যবেক্ষণের সময় রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে বেশ কিছু গ্যাস বেলুন আটকে থাকতে দেখে।

এরপর নিরাপত্তার খাতিরে দ্রুত ট্রেন চলাচল স্থগিত করে বেলুনগুলো অপসারণের কাজ শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় তার থেকে বেলুনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল সূত্র নিশ্চিত করেছে যে,

বেলুন অপসারণের পর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগেও বিভিন্ন সময় ঢাকার মেট্রোরেলের তারে ঘুড়ি, ফানুস এবং কাপড় আটকে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জননিরাপত্তা ও যান্ত্রিক সুরক্ষার স্বার্থে এই ধরনের বস্তু ওড়ালে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language