সীমাবদ্ধতা সত্ত্বেও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে : রেজাউল করিম

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি – চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সবসময় নানা সীমাবদ্ধতা, সমস্যা থাকবে তা সত্ত্বেও নাগরিক সুবিধা ও সেবাকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবাকে পরিকল্পিতভাবে সকল ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি ক্রয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিকায়ন করা হবে।
তিনি আরও বলেন, করপোরেশনের স্বাস্থ্যসেবার অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে। নগরীর অধিবাসীদের সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। যাতে চট্টগ্রাম সিটি করপোরেশনও নগরীর চিকিৎসাসেবায় মডেল হয়ে থাকে বাংলাদেশের মধ্যে।
আরও পড়ুন : চট্টগ্রামে আগুনে পুড়লো ১৭ বসতঘর
সোমবার নগরের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
চসিক মেয়র বলেন, করপোরেশনের স্বাস্থ্যসেবার যে জৌলুস ছিল, তা ফিরিয়ে আনতে হবে। প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়কালে করপোরেশন সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতো। আমি চাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ও সেরকম ভূমিকা রাখুক। করপোরেশনের কর্মরত চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো অবহেলা গাফেলতি হলে কেউ ছাড় পাবেন না।
সভায় সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহম্মদ আলী, ডা. নাসিম ভূঁইয়া, ডা. শাহীন পারভীন, ডা. দীপা ত্রিপুরা, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম, ডা. সুমন তালুকদার, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. তৌহিদুল আনোয়ার, ডা. উম্মে কুলসুম সুমি প্রমুখ।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি







