মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: অর্থহীন হয়ে পড়েছে যুদ্ধবিরতি, বন্ধ হরমুজ প্রণালি

তেহরান, ১১ জুন – যুদ্ধবিরতি চুক্তি বিদ্যমান থাকলেও টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সামরিক পদক্ষেপের ফলে আগের সেই যুদ্ধবিরতি চুক্তিটি এখন পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরান ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে মার্কিন নৌ সেনারা ইরানে আক্রমণ চালালে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে আক্রমণ করে। গতকাল সাময়িকভাবে পরিস্থিতি শান্ত থাকলেও আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুনরায় দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

এতে করে গত এপ্রিলে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিটি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে যুদ্ধবিরতি এখন অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকেই বহন করতে হবে বলে তারা সতর্ক করেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। কোনো জাহাজ এই জলপথ ব্যবহারের চেষ্টা করলে সরাসরি হামলা চালানো হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language