মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

তেহরান, ১০ জুন – মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার পর বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় এক শতাংশ পর্যন্ত বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।

এর আগে ইসরায়েল ও ইরান সাময়িকভাবে হামলা বন্ধ রাখায় মঙ্গলবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সে সময় ব্রেন্ট তেলের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন এবং ডব্লিউটিআই ২৯ মে এর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে নতুন করে সংঘাত শুরু হলে বাজারে আবারও অস্থিরতা দেখা দেয়।

হরমুজ প্রণালির কাশম দ্বীপে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের তথ্য পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানে নতুন করে হামলা চালানো হয় বলে জানা গেছে। এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

দুই পক্ষের এই সামরিক উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে সামনের দিনগুলোতে তেলের দাম আরও অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language