ক্রিকেট

২১ বছর পর অজিদের হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো বাংলাদেশ

ঢাকা, ৯ জুন – ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর মিরপুরের মাটিতে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ২০ রানের ক্যামিও ইনিংস বাংলাদেশকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের ইনিংসে ধস নামান তরুণ পেসার নাহিদ রানা। তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ম্যাচের শেষ দিকে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান।

দীর্ঘ ৫৫ মিনিট অপেক্ষার পর আম্পায়াররা ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের জয় ঘোষণা করেন। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা।

এনএন/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language