জাতীয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

ঢাকা, ৭ জুন – সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমানের দেওয়া এক বিজ্ঞপ্তিতে পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার এই চিত্র তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। বুধবার এবং বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট ও অন্যান্য বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার সামান্য তারতম্য হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language