পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

ঢাকা, ৪ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায়ের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ প্রদান করেন।
শুনানির জন্য এদিন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু শুনানিতে সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ যুক্তিতর্ক উপস্থাপনকালে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে আইন অনুযায়ী তার লঘু শাস্তির প্রার্থনা করেন।
এর আগে গত ১ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং পরবর্তী দুই দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন। গত ২৪ মে এই মামলার অভিযোগপত্র আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল। ঘটনার বিবরণে জানা যায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে গত ১৯ মে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় স্বপ্না।
পরবর্তীতে রামিসার পরিবার তার জুতা দেখে স্বপ্নার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এস এম/ ৪ জুন ২০২৬









