আইন-আদালত

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে শুনানি পেছাল

ঢাকা, ২৫ জুন – রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক হোসেন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, মামলায় অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়েছিল।

আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিতে প্রাণ হারান।

এই ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা রীনা বেগম। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনাসহ ২০ জন বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ এবং জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং ১০ জন আসামি জামিনে আছেন।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language